চাচলে এক বেসরকারি ব্যাংক কর্মীকে গুলি করে লক্ষাধিক টাকা ছিনতাই - The News Lion

চাচলে এক বেসরকারি ব্যাংক কর্মীকে গুলি করে লক্ষাধিক টাকা ছিনতাই




দি নিউজ লায়ন ; চাচলে এক বেসরকারি ব্যাংক কর্মীকে গুলি করে লক্ষাধিক টাকা ছিনতাই করে পালালো সশস্ত্র দুষ্কৃতী দল বলে অভিযোগ উঠেছে।  কোমরে গুলি লাগায় গুরুতর জখম হয়ে পড়েছেন ওই বেসরকারি ব্যাংকের কর্মী। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চাচল সুপারস্পেশালিটি হাসপাতাল থেকে মালদা মেডিক্যাল কলেজে রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসকেরা।


 বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা নাগাদ ঘটনাটি ঘটেছে চাচল থানার মোলাইবাড়ি এবং ভক্তিপুর এলাকার রাজ্য সড়কে। ঘটনার খবর পেয়ে তদন্তে যায় চাচল থানার পুলিশ। সংজ্ঞাহীন অবস্থায় থাকার কারণেই জখম ওই ব্যাংক কর্মীর সঙ্গে কথা বলতে পারেনি তদন্তকারী পুলিশ কর্তারা। তবে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে জখম ওই ব্যাংক কর্মীর বাড়ি মালদা শহরেঋ এই ঘটনায় দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ওই বেসরকারি ব্যাংকের কর্মীর নাম শ্রীকৃষ্ণ চৌধুরী (২৮)।  তার বাড়ি মালদা শহরে।  চাচলের  একটি বেসরকারি ব্যাংকের টাকা কালেকশন কর্মী হিসেবে কর্মরত ছিলেন শ্রীকৃষ্ণবাবু। বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে লোনের কিস্তির টাকা কালেকশন করতেন তিনি। প্রতিদিনের মতো এদিন কালেকশনের টাকা নিয়ে মোটরবাইক করে ব্যাংকে ফিরছিলেন ওই কর্মী।


 মোলাইবাড়ি থেকে ভক্তিপুর যাওয়ার রাস্তায় হঠাৎ করেই একটি মোটর বাইকের তিনজন সশস্ত্র দুষ্কৃতী তার রাস্তা আটকায় এবং টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। প্রতিবাদ করাতে ওই ব্যাংক কর্মীর সঙ্গে ধস্তাধস্তি হয়। এরপরই দুষ্কৃতীরা ওই ব্যাংক কর্মিকে লক্ষ্য করে গুলি করে। সেইগুলি লাগে গিয়ে কোমরে। গুলির শব্দ পেয়ে আশেপাশের গ্রামের মানুষ ছুটে আসলে দুষ্কৃতীরা টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।


পুলিশ জানিয়েছে , ওই ব্যাগে কত টাকা ছিল সেই পরিমাণ জানা যায় নি। তবে লক্ষাধিক টাকাও থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। ওই ব্যাংক কর্মীর কোমরের ডান দিকে গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চাচোল সুপারস্পেশালিটি হাসপাতাল থেকে মালদা মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে। চাচোল থানার আইসি সুকুমার ঘোষ জানিয়েছেন,  এই হামলার ঘটনার পিছনে জড়িত দুষ্কৃতীদের খোঁজ শুরু করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.